এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ PM
(এনএসইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) প্রযুক্তি শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

(এনএসইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) প্রযুক্তি শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পকে আরও টেকসই, দক্ষ ও নিরাপদ করার উপায় নিয়ে ‘ডাটা ডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ বিডি কেস কম্পিটিশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) এনএসইউ মেইন অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘এআই-সক্ষম AnyDPP-এর মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের পুনর্চিন্তা: কম বর্জ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ শিল্পপরিবেশ গড়ে তোলা’। শিল্পবর্জ্য কমানো, সরবরাহব্যবস্থাপনার উন্নয়ন, বিষাক্ত রাসায়নিকের ব্যবস্থাপনা, নির্মল বায়ু নিশ্চিত করা এবং কারখানার নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার নিয়ে এ আয়োজনে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হংকংভিত্তিক ডেটা ডেভেলপ কনসালটিং লিমিটেডের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক এবং এশিয়া সার্কুলার ইকোনমি অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক পরিচালক ড. হেনরি সু। এ ছাড়া উপস্থিত ছিলেন একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা লিডিয়া সু, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি জনাব মোহাম্মদ হাতেম ও নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান।

ড. হেনরি সু বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্প পরিবেশগত সমস্যা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা-সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যেগুলো মোকাবিলায় উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান প্রয়োজন। এআই-সক্ষম AnyDPP উদ্যোগটি বিষাক্ত রাসায়নিকের ব্যবস্থাপনা, নির্মল বায়ু নিশ্চিত করা এবং কারখানার নিরাপত্তাসহ শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছে। উদীয়মান প্রযুক্তি ও উন্নত তথ্যব্যবস্থাপনার ব্যবহার এ শিল্পকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কম বর্জ্যনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, বস্ত্র ও পোশাকশিল্পের উন্নয়নে প্রযুক্তি ও টেকসই শিল্পচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিল্পবর্জ্য কমানো, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে।’

এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে একাডেমিক গবেষণার সংযোগ স্থাপনে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থী, গবেষক ও শিল্প খাতের নেতাদের একত্র করার মাধ্যমে দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করা সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা টেকসই শিল্পচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখার জন্য স্নাতকদের প্রস্তুত করতেও সহায়তা করে।’

এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, ‘পরিবেশ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান তৈরির জন্য শিক্ষাঙ্গন ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, “শিল্প খাতের বিশেষজ্ঞদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে উদ্ভাবনের সুযোগ বাড়ে এবং আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পোশাকশিল্প গড়ে তোলার পথ তৈরি হয়।’

অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উদীয়মান প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন এবং শিল্প খাতের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার অর্জন করে টিম ল্যাজারাস।

ট্যাগ: এনএসইউ
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬