ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 

০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ PM
সব ধরনের অসৎ শ্রম আচরণ বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি

সব ধরনের অসৎ শ্রম আচরণ বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি © সংগৃহীত

শ্রমিক স্বার্থের প্রকৃত প্রতিনিধি নিয়ে দ্রুত মজুরি বোর্ড গঠন, গণতান্ত্রিক শ্রম বিধিমালা প্রণয়ন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ ও হয়রানিমুক্ত করা এবং সব ধরনের অসৎ শ্রম আচরণ বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও ২০২৪ সালের শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এফ এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত বিল্লাল এবং কেন্দ্রীয় সদস্য মামুন, সাহিদা আক্তার ও আকলিমা আক্তারসহ অন্য নেতারা। কর্মসূচিতে সংহতি জানান আউটসোর্সিং কর্মচারী নেতা নুরুল হক, প্রাইভেট কার ইউনিয়নের সহসভাপতি আক্কাস মিয়া, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য সোহেলা রুমি ও আঞ্চলিক নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন ২০২৬-এর ১৩৯(৬) ধারায় শিল্প খাতের মজুরি পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর নির্ধারণের বিধান করা হয়েছে। শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমমন্ত্রী গত সপ্তাহে চলতি অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের যে ঘোষণা দিয়েছেন, তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তাঁরা। তবে বোর্ড গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করে সেখানে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

নেতারা বলেন, গত তিন বছরে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের বিকল্প নেই। তাই মালিকপক্ষের স্বার্থের পরিবর্তে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ন্যায্য মজুরি ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে মজুরি বোর্ড গঠন করতে হবে।

তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে গঠিত তিনটি মজুরি বোর্ডেই শ্রমিকদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। শ্রমিক কিংবা নিরপেক্ষ প্রতিনিধি মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত মালিকপক্ষের স্বার্থই প্রাধান্য পেয়েছে বলে তাঁদের দাবি। নিরপেক্ষ প্রতিনিধিকে কার্যত নিষ্ক্রিয় করে রাখার পুরোনো প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা, প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য মজুরি বোর্ড গঠন করা হবে।

ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রসঙ্গে নেতারা বলেন, ২০২৬ সালের শ্রম আইনে প্রতিষ্ঠানে শ্রমিকদের নির্দিষ্ট শতাংশের পরিবর্তে নির্ধারিত ন্যূনতম সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে ইউনিয়ন গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের শ্রমিকসংখ্যার ভিত্তিতে বিভিন্ন ধাপে ২০ থেকে ৪০০ জন শ্রমিকের অংশগ্রহণে ইউনিয়ন গঠনের বিধান করা হয়েছে। প্রতিষ্ঠানপুঞ্জের ক্ষেত্রেও ২০ জন শ্রমিক নিয়ে ইউনিয়ন গঠনের সুযোগ রয়েছে। তাঁরা এটিকে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

তবে আইন পরিবর্তনের পরও ট্রেড ইউনিয়ন নিবন্ধনে নানা ধরনের জটিলতা ও হয়রানি রয়ে গেছে বলে অভিযোগ করেন তাঁরা। শ্রমিকসংখ্যা নির্ধারণ, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র সংগ্রহ, নির্ধারিত ৫৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন না হওয়া এবং অনলাইন সার্ভারের অকার্যকারিতাকে ইউনিয়ন গঠনের পথে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন নেতারা।

তাঁরা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশের কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮-এর বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন রয়েছে। শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করার বিষয়টি এসব আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সম্পর্কিত। শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং অর্থনীতির গতিশীলতা রক্ষায় ইউনিয়ন নিবন্ধনপ্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানান তাঁরা।

সমাবেশে নেতারা আরও অভিযোগ করেন, কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের চাকরিচ্যুত করা এবং বিভিন্নভাবে হয়রানি করার ঘটনা ঘটে। এসব অনিয়ম বন্ধে সরকারের কার্যকর ভূমিকা চান তাঁরা। শ্রমিকদের মর্যাদাপূর্ণ মজুরি, সংগঠিত হওয়ার অধিকার এবং কার্যকর ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে দাবিগুলোর সমর্থনে একটি মিছিল বের করেন শ্রমিকেরা।

যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬