শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ

০৫ আগস্ট ২০২৪, ০৯:৪২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তর কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল দেশের তরুণদের জন্য রোল মডেল। শেখ কামালের প্রদর্শিত পথ, আদর্শ, দিকনির্দেশনা হতে পারে আমাদের জন্য অনুকরণীয়। অনুপ্রেরণা আর উৎসাহ হয়ে তিনি আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ও তারুণ্যের রোল মডেল। শেখ কামাল আমাদের মধ্যে অনুপ্রেরণার উৎস হয়ে সদাজাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমার বিশ্বাস, শেখ কামালের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণ করে অচিরেই আমাদের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের শিখরে অধিষ্ঠিত হবে।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহিদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি এ অনার্স পাস করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন তিনি। সেই সঙ্গে উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। 

এ ছাড়াও তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনেও সুপরিচিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেট বলসহ বিভিন্ন খেলাধুলায় বেশ উৎসাহ ছিল তার।

শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close