ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পুনর্নির্বাচন দিয়ে সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে আবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে হিরো আলম বলেন, ‘ওবায়দুল কাদের স্যার কথায়–কথায় বলেন, “খেলা হবে। শক্তিশালী দল হলে খেলা হবে।” খেলা হওয়ার মতো নাকি তিনি শক্তিশালী খেলোয়াড় খুঁজে পান না। তাঁকে জোর গলায় বলতে চাই, শক্তিশালী দলের সঙ্গে আপনাকে খেলতে হবে না। যেখানে মিথ্যা কথা বলে আমার ফল পাল্টে দেওয়া হয়েছে, সেই বগুড়া-৪ আসনের ভোটে আসুন, আমার সঙ্গে ভোট করে দেখুন। আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হব। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে। ভোটারদের ভয় দেখানো হবে না। সুষ্ঠু ভোট দিয়ে দেখুন তো দেখি, খেলা হয় কি না?’

আরও পড়ুন: ‘হিরো কখনও জিরো হয় না, পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছে’

গতকাল শনিবার ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না। যারা হিরোকে জিরো বানাতে চায়, তারাই জিরো হয়ে গেছে।

একই সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল। এ বক্তব্য প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম পার্লামেন্টে (সংসদ) গেলে নাকি পার্লামেন্ট ছোট হবে। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্টকে ছোট করা হয়, তাহলে যখন মনোনয়ন কিনেছি, তখন তো তাঁরা বলেননি, যোগ্যতা না থাকলে মনোনয়ন কিনতে পারবেন না। যখন আইন করা হয়, তখন তো তাঁরা এসব বলেননি।’

হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে—ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘হিরো আলম কারও কান্দের ওপর ভর দিয়ে চলে না। আজ এত দূর এসেছি, কেউ সহযোগিতা করেনি। নিজের পরিশ্রম, সংগ্রাম করেই আমি হিরো আলম হয়েছি। কারও ওপর ভর করিনি।’

আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে কাদের-ফখরুলের কথার লড়াই

এদিকে গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলামও হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমার সঙ্গে বিএনপি থাকলে ভোটে বিএনপির কেউ আমার সঙ্গে কাজ করত। বিএনপির কাউকে কি আপনারা আমার সঙ্গে দেখেছেন? কেউ কি বলতে পারবে, বিএনপি আমার সঙ্গে ছিল?’

বিএনপির মহাসচিব কেন হিরো আলমের পক্ষে মন্তব্য করলেন, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথা কেন বলছেন? সত্যের কথা সবাই বলে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, ফল পাল্টে হারিয়ে দেওয়া হয়েছে। এ জন্যই সারা বিশ্ব আমাকে নিয়ে কথা বলছে।’

আগামী নির্বাচনে বিএনপি হিরো আলমকে মনোনয়ন দিলে তিনি কী করবেন, এই প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। যদি কখনো দলে যোগ দিই, জানাব।’

গতবার নিষেধাজ্ঞা, এবার অব্যাহতি—মেসিকে ঘিরে বদলে গেল এমএলএস…
  • ২৬ জুলাই ২০২৬
ওজন কমাতে চান? নিয়মিত পান করুন এই ৮ স্বাস্থ্যকর পানীয়
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নি…
  • ২৬ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড
  • ২৬ জুলাই ২০২৬