মুসলিম হিন্দু বৌদ্ধদের পৃথক উৎসবের দিন আজ

০৯ অক্টোবর ২০২২, ০৯:২৮ AM
একই দিনে তিন ধর্মীয় উৎসব

একই দিনে তিন ধর্মীয় উৎসব © সংগৃহীত

সারাদেশে একইদিনে উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। শহর জুড়ে দেখা যাবে ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন উৎসবের মাঝে অভিন্ন মানুষ, অভিন্ন মানুষের প্রার্থনা। গত বছরের ২০ অক্টোবর বাংলাদেশে একইদিনে উদযাপন করা হয়েছিল এই তিন ধর্মীয় উৎসব।

রবিবার (৯ অক্টোবর) এ বিশেষ দিনটিকে ঘিরে এ সকল ধর্মানুসারী ও ভক্তদের ভেতর কাজ করছে বিশেষ আনন্দ। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের ভেতর উৎসবগুলো পালনের মধ্য দিয়ে আবারও দেশে ফিরে আসবে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমনটাই আশা ভক্তদের।

ঈদে মিলাদুন্নবী: শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। হজরত মুহাম্মদ (সা.) নবুয়তপ্রাপ্তির আগেই ‘আল-আমিন’ নামে খ্যাতি অর্জন করেছিলেন। তার এই খ্যাতি ছিল ন্যায়নিষ্ঠা, সততা ও সত্যবাদিতার ফল। 

আরব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। খ্রিস্টান ধর্মাবলম্বী বিখ্যাত পণ্ডিত মাইকেল এইচ হার্ট তার বহুল আলোচিত ‘দ্য হান্ড্রেড’ গ্রন্থে হযরত মুহাম্মদ (সা.)কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্থান দিয়েছেন। মহানবী (সা.) কে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। অর্থাৎ, সব নবী ও রাসুলের নেতা।

প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ‘কঠিন চীবর দান’ উৎসব। এটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত। বৌদ্ধদের মতে, এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। মানবজাতির সুখ, শান্তি ও কল্যাণের লক্ষ্যে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তিনি ভিক্ষু সংঘকে নির্দেশ দেন। একই দিনে তার তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে।

লক্ষ্মীপূজা: হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী লক্ষ্মীপূজা। শারদীয় দূর্গা উৎসবের পর হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মী উৎসব এই লক্ষ্মীপূজা। লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী হিসেবে পূজিত হন। এ ছাড়া উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরি লক্ষ্মীপূজা নামেও পরিচিত।

লক্ষ্মী পূজায় রাত্রি জাগরণ করা হয়। কোজাগরী অর্থাৎ কে জাগরী বা কে জেগে আছ। শাস্ত্র মতে এই রাতে লক্ষ্মী সকলের বাড়িতে যান। যে গৃহের দরজা বন্ধ থাকে ও গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে লক্ষ্মী ফিরে আসেন। এ কারণে এই লক্ষ্মী পূজাকে কোজাগরী বলা হয় এবং রাত্রি জাগরণের নিয়ম রয়েছে। বাঙালি হিন্দুর ঘরে ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। গৃহস্থরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করেন।

উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য শহর ও জেলার সব মন্দির ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close