সালমান এফ রহমান © সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই চালাতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল নামে এক বিদেশি আইনজীবী। বার কাউন্সিল এরই মধ্যে তার আবেদনটি গ্রহণ করেছে বলে রবিবার (৩০ আগস্ট) নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
এর আগে গত ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধান উল্লেখ করে বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল। আবেদনে তিনি স্থানীয় আইনজীবীদের পাশাপাশি ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চেয়ে নিজের প্রোফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেন। ২৪ আগস্ট বার কাউন্সিল তার আবেদনটি গ্রহণ করে।গেল বছরের ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এ সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছিলেন তার আইনজীবী, যদিও এতে আপত্তি জানিয়েছিল প্রসিকিউশন।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মামলায় সালমান এফ রহমান ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ১১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে— ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ও উসকানি প্রদান। এছাড়া তাদের প্ররোচনা, ষড়যন্ত্র ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশে ২৩ ও ২৮ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট ঢাকা ও মিরপুরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।