সুমাইয়া আফরিন রিনথী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেন © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৫২) হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।
ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়েছিল। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে হত্যার কথা জানান।
বাদী পক্ষের আইনজীবী সোহেল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে রায় ঘোষণা না হওয়ায় আদালত ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।