সাক্ষাৎকার

সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল

আরিফুল করিম সিয়াম

আরিফুল করিম সিয়াম © টিডিসি সম্পাদিত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। দীর্ঘ প্রস্তুতি, আইনের মৌলিক বিষয়গুলোতে শক্ত ভিত্তি, ধারাবাহিক পড়াশোনা এবং পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল—তার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এসব বিষয়। বিজেএসে প্রথম হওয়ার পথচলায় সিয়াম বিশেষ গুরুত্ব দিয়েছেন চারটি কৌশলকে।
সাক্ষাৎকার নিয়েছেন মারুফ হোসেন মিশন
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ AM

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। দীর্ঘ প্রস্তুতি, আইনের মৌলিক বিষয়গুলোতে শক্ত ভিত্তি, ধারাবাহিক পড়াশোনা এবং পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল—তার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এসব বিষয়। বিজেএসে প্রথম হওয়ার পথচলায় সিয়াম বিশেষ গুরুত্ব দিয়েছেন চারটি কৌশলকে।

পরীক্ষায় তার প্রস্তুতি ও সাফল্য নিয়ে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসের মুখোমুখি হয়েছেন। তার কথাগুলো শুনেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হোসেন মিশন।

দ্য ডেইলি ক্যাম্পাস: ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন—ফলাফল জানার মুহূর্তের অনুভূতি কেমন ছিল?
আরিফুল করিম সিয়াম: ফলাফল প্রকাশের আগে স্বাভাবিকভাবেই একটা উৎকণ্ঠা কাজ করছিল। যখন জানতে পারলাম যে আমি ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছি, তখন প্রথমে কিছুটা অবিশ্বাসই মনে হচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আনন্দ, বিস্ময় এবং কৃতজ্ঞতা তিনটা অনুভূতি একসঙ্গে কাজ করছিল। 

দ্য ডেইলি ক্যাম্পাস: প্রথম হওয়ার খবরটি প্রথম কাকে জানিয়েছিলেন? তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল?
আরিফুল করিম সিয়াম: ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রথমে আমি আমার মাকে বিষয়টি জানাই। আমার মা অনেকদিন পর আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন।

দ্য ডেইলি ক্যাম্পাস: আপনার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা কারা?
আরিফুল করিম সিয়াম: আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা আমার পরিবার। বিশেষ করে বাবা-মা ও আমার ছোটবেলার বন্ধু যিনি এখন আমার স্ত্রী, এই তিনজন মানুষের সমর্থন ও দোয়া পুরো যাত্রায় আমাকে মানসিকভাবে শক্তি দিয়েছে। এর পাশাপাশি আমার শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনেক উৎসাহ পেয়েছি।

দ্য ডেইলি ক্যাম্পাস: সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কখন থেকে শুরু করেছিলেন? প্রস্তুতির শুরুতে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
আরিফুল করিম সিয়াম: আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শুরু থেকেই মূলত এই প্রস্তুতির ভিত্তি তৈরি হতে শুরু করে। কারণ বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক পড়াশোনা, বিভিন্ন আইন পড়া, case law এবং academic writing এসব পরবর্তীকালে BJS প্রস্তুতিতে অনেক কাজে দিয়েছে। এরপর পরীক্ষাকে লক্ষ করে পরিকল্পিত ও নিবিড় প্রস্তুতি নিয়েছি।

শুরুর দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশাল সিলেবাসকে কীভাবে পরিকল্পিতভাবে কাভার করা যায়। শুধু পড়লেই হবে না, কী পড়ব, কতটুকু পড়ব, কোনটা কতবার ঝালিয়ে নেব এবং পরীক্ষায় কীভাবে লিখব এসবের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাস: আপনার প্রতিদিনের পড়াশোনার রুটিন কেমন ছিল? প্রতিদিন গড়ে কত ঘণ্টা পড়াশোনা করতেন? 
আরিফুল করিম সিয়াম: আমার কাছে নির্দিষ্ট সংখ্যক ঘণ্টা পড়ার চেয়ে ধারাবাহিকভাবে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রস্তুতির বিভিন্ন সময়ে পড়ার সময়ও ভিন্ন ছিল। আমার রুটিনে মূল পড়াশোনার পাশাপাশি revision, previous questions এবং answer writing-এর জন্যও আলাদা সময় রাখতাম। দিনের শেষে কত ঘণ্টা পড়েছি তার চেয়ে নির্ধারিত কাজগুলো শেষ করতে পেরেছি কি না, সেটাকে বেশি গুরুত্ব দিতাম।

দ্য ডেইলি ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও চাকরির প্রস্তুতি কীভাবে একসঙ্গে সামলেছেন?
আরিফুল করিম সিয়াম: আমি কখনও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পড়াশোনাকে BJS প্রস্তুতির বাইরে আলাদা কোনো বিষয় হিসেবে দেখিনি। বরং বিশ্ববিদ্যালয়ে যে আইনগুলো পড়েছি, সেগুলোর কনসেপ্ট পরিষ্কার করার চেষ্টা করেছি এবং সেটাকেই পরবর্তীকালে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগিয়েছি।

দ্য ডেইলি ক্যাম্পাস: প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপের জন্য আপনার প্রস্তুতির কৌশলে কী কী পার্থক্য ছিল?
আরিফুল করিম সিয়াম: তিনটি ধাপের প্রকৃতি আলাদা হওয়ায় আমার প্রস্তুতির ধরনও আলাদা ছিল। প্রিলিমিনারিতে মূল লক্ষ্য ছিল বিস্তৃত সিলেবাসের ওপর ভালো দখল তৈরি করা এবং দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়ার সক্ষমতা তৈরি করা।

লিখিত পরীক্ষায় কনসেপ্টের গভীরতা, আইনের সঠিক প্রভিশন প্রয়োজনীয় case law এবং সময়ের মধ্যে গুছিয়ে উত্তর উপস্থাপন এসবের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। এখানে answer writing practice খুব গুরুত্বপূর্ণ।

আর মৌখিক পরীক্ষায় শুধু আইন জানা যথেষ্ট নয়। আইনকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার ক্ষমতা, সাধারণ জ্ঞান, নিজের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, কারেন্ট অ্যাফেয়ার্স এবং একজন বিচারক হিসেবে দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন বলে মনে করেছি।

দ্য ডেইলি ক্যাম্পাস: লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আপনার বিশেষ কোনো কৌশল ছিল কি?
আরিফুল করিম সিয়াম: আমার কাছে লিখিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশ্নটি ঠিকভাবে বুঝে সরাসরি তার উত্তর দেওয়া। আমি চেষ্টা করতাম উত্তরকে একটি logical structure-এর মধ্যে রাখতে।

প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেকশন, আইনি মতবাদ এবং গুরুত্বপূর্ণ প্রিসিডেন্ট (নজির) উল্লেখ করতাম। তবে শুধু অনেক case law লিখে উত্তর ভারী করার চেষ্টা করিনি। প্রশ্নের সঙ্গে যেটা সরাসরি সংশ্লিষ্ট সেটাকেই অগ্রাধিকার দিয়েছি।

আর answer writing practice-এর মাধ্যমে সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উত্তর শেষ করার অভ্যাস করেছি। আমার মনে হয় knowledge এবং presentation দুটোর সমন্বয়ই লিখিত পরীক্ষায় গুরুত্বপূর্ণ।

দ্য ডেইলি ক্যাম্পাস: আইন পড়ার ক্ষেত্রে আপনি মূল আইন (Bare Act), রেফারেন্স বই নাকি নোট—কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন?
আরিফুল করিম সিয়াম: আমার কাছে তিনটিরই আলাদা ভূমিকা আছে। তবে আইনের ক্ষেত্রে Bare Act-কে ভিত্তি হিসেবে দেখেছি। কারণ শেষ পর্যন্ত আইনটির মূল ভাষাটা জানা এবং provision-এর structure বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Reference book ব্যবহার করেছি কনসেপ্ট এবং বিভিন্ন ব্যাখ্যা (interpretation) পরিষ্কার করার জন্য। আর নোট (notes) ব্যবহার করেছি রিভিশন ও দ্রুত পুনরালোচনার জন্য।

দ্য ডেইলি ক্যাম্পাস: উত্তর লেখার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা কীভাবে করতেন?
আরিফুল করিম সিয়াম: সময় ব্যবস্থাপনার জন্য প্রথমেই প্রতিটি প্রশ্নের জন্য আনুমানিক সময় নির্ধারণ করে নিতাম। প্রশ্নের পাশে ছোট ছোট করে লিখে নিতাম কয়টা থেকে কয়টা পর্যন্ত সেই প্রশ্নটা শেষ করব। কোনো একটি প্রশ্নে অতিরিক্ত সময় দিয়ে পরের প্রশ্নগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে চাইতাম না।

পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর পুরোপুরি মনে না পড়লেও সেটার জন্য অতিরিক্ত সময় নষ্ট না করে যতটুকু নিশ্চিতভাবে জানি, সেটা গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

দ্য ডেইলি ক্যাম্পাস: মডেল টেস্ট বা পূর্ববর্তী বছরের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ মনে করেন?

আরিফুল করিম সিয়াম: আমার কাছে দুটোই খুব গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী বছরের প্রশ্ন থেকে পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ areas এবং examiner কীভাবে বিষয়গুলোকে অ্যাপ্রোচ করছেন সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর মডেল টেস্ট নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ দেয়। কোথায় ভুল করছি, কোথায় সময় বেশি লাগছে, কোন বিষয়গুলো বারবার ভুলে যাচ্ছি এসব শনাক্ত করা যায়।

দ্য ডেইলি ক্যাম্পাস: কোন কোন বিষয়গুলো বেশি ফোকাস করলে নতুন যারা বিচারক হওয়ার স্বপ্ন দেখে তাদের পথটা সহজ হবে?
আরিফুল করিম সিয়াম: প্রথমেই আইনের মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে Bare Act, legal principles এবং গুরুত্বপূর্ণ case law-এর ওপর শক্ত ভিত্তি তৈরি করা দরকার।

এর পাশাপাশি আমি চারটি বিষয়কে গুরুত্ব দিতে বলব, নিয়মিত revision, previous questions analysis, regular model exam এবং সময় ব্যবস্থাপনা। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু পড়াশোনা করে রিজিক অর্জন করা যায় না। আল্লাহর কাছে বা নিজ সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। নিজের পাশাপাশি সৃষ্টিকর্তাকেও নিয়মিত সময় দিতে হবে। প্রতিদিন প্রতিবেলায় চাইতে হবে। 

দ্য ডেইলি ক্যাম্পাস: নিয়োগ পরীক্ষায় আপনি প্রথম হয়েছেন। দেশের প্রতি আপনার অনেক বেশি দায়িত্ব। নিয়োগ পাওয়ার পর দেশ নিয়ে আপনার ভাবনা জানতে চাই। কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না?
আরিফুল করিম সিয়াম: প্রথম হওয়ার বিষয়টি নিঃসন্দেহে আনন্দের, কিন্তু আমি এটাকে একই সঙ্গে একটি বড় দায়িত্ব হিসেবেও দেখি। কারণ একজন বিচারকের সিদ্ধান্ত সরাসরি মানুষের জীবন, অধিকার এবং ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। আমার সবচেয়ে বড় উদ্দেশ্যই হলো আইন অনুযায়ী নিরপেক্ষভাবে বিচার করা এবং মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা ধরে রাখতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা। দেশকে আমার এই সেবাটা দিতে পারা আমার জন্য বিশাল প্রাপ্তি হিসেবে মনে করব।

দ্য ডেইলি ক্যাম্পাস: দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাফল্য কামনা করছি।
আরিফুল করিম সিয়াম: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ডেইলি ক্যাম্পাসের জন্য শুভকামনা।

হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬