রাড্ডা ক্লিনিক ও ইনসেটে তাসনিম জারা © টিডিসি সম্পাদিত
মিরপুরে ভেঙে ফেলা রাড্ডা এমসিএইচ-এফপি (মাতৃ-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) সেন্টারের ধ্বংসস্তূপের পাশে টিকাদান চলার সময়ই মিছিল নিয়ে বিএনপি নেতার প্রবেশের অভিযোগ তুলেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। এ ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ দেখলাম রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে যখন বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছিল, তখন বিএনপির নেতা মিছিল করতে করতে ভেতরে ঢুকে পড়েছেন।’
তিনি লিখেছেন, ‘একটা টিকাকেন্দ্র দেখতে যেতে মিছিল লাগবে কেন? যে মায়েরা কোলের বাচ্চাকে টিকা দিতে এসেছেন, তাঁদের কি দেখাতে গেছেন আপনার সঙ্গে কত লোক আছে? সেটা দেখিয়ে কী হবে? ভিড় আর হইচইয়ের মধ্যে মা আর শিশুরা ভয় পাবে, সংকোচ বোধ করবে, সেটা একবারও ভাবলেন না?’
যেতে চাইলে অবশ্যই যাবেন উল্লেখ করে তাসনিম জারা লিখেছেন, ‘কিন্তু যতটা সম্ভব কম ঝামেলা করে যান, যাতে সেবা বিঘ্নিত না হয়। তারপর এই অন্যায়ের প্রতিবাদ করুন। আর আপনার দলেরই একজন এমপির বিরুদ্ধে অভিযোগ এসেছে, দ্রুত তদন্ত সাপেক্ষে এসব পৃষ্টপোষকদের বিচারের দাবি তোলেন।’