ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার

৩১ আগস্ট ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই কঠোর ডায়েট বা খাবার একেবারে বাদ দেওয়ার দিকে বেশি গুরুত্ব দেন। তবে দীর্ঘমেয়াদে ওজন কমাতে প্রতিদিনের খাবারের অভ্যাসে টেকসই পরিবর্তন আনা বেশি গুরুত্বপূর্ণ।

ভারতীয় পুষ্টিবিদ সুদীক্ষা নিজের ওজন ৮৯ কেজি থেকে ৭৫ কেজিতে কমানোর অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, চর্বি কমাতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার ও পানীয় সীমিত করা যেতে পারে।

গত ২৬ আগস্ট ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এমন সাতটি সাধারণ খাবার ও পানীয়ের কথা তুলে ধরেছেন, যেগুলো অতিরিক্ত ক্যালরি গ্রহণ, পেট ফাঁপা বা শরীরে পানি জমার মতো সমস্যায় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব খাবারের তুলনায় স্বাস্থ্যকর কিছু বিকল্পের কথাও জানিয়েছেন তিনি।

১. চিনিযুক্ত পানীয়
চিনিযুক্ত পানীয়তে অনেক ক্যালরি থাকতে পারে, কিন্তু এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখে না। সুদীক্ষার মতে, অতিরিক্ত চিনি শরীরে চর্বি জমা এবং পেট ফাঁপার কারণ হতে পারে। তাই এ ধরনের পানীয়ের পরিবর্তে লেবু পানি, ডাবের পানি বা গ্রিন টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

২. সাদা পাউরুটি
পরিশোধিত ময়দা দিয়ে তৈরি সাদা পাউরুটি তুলনামূলক কম সময়ের জন্য পেট ভরা রাখে। সুদীক্ষা বলেছেন, পরিশোধিত কার্বোহাইড্রেট দ্রুত ক্ষুধা বাড়াতে পারে। এর পরিবর্তে হোল-হুইট ব্রেড, মাল্টিগ্রেইন ব্রেড বা ওটস খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

৩. চিপস ও প্যাকেটজাত খাবার
প্যাকেটজাত বিভিন্ন স্ন্যাকসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকতে পারে। অতিরিক্ত লবণ সাময়িকভাবে শরীরে পানি ধরে রাখতে পারে, ফলে মুখ বা শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। এ ধরনের খাবারের বিকল্প হিসেবে ভাজা মাখানা, ভাজা ছোলা বা বাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন সুদীক্ষা।

৪. ফাস্টফুড ও বার্গার
নিয়মিত বেশি ক্যালরিযুক্ত ফাস্টফুড খেলে শরীরের প্রয়োজনীয় ক্যালরির ঘাটতি তৈরি করা কঠিন হয়ে পড়তে পারে। সুদীক্ষার মতে, এসব খাবারে চর্বি ও ক্যালরির পরিমাণ বেশি থাকে। এর পরিবর্তে বাড়িতে তৈরি স্যান্ডউইচ, পনির র‍্যাপ বা হোল-হুইট র‍্যাপ খাওয়া যেতে পারে। এতে খাবারের উপকরণ ও পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হয়।

৫. আইসক্রিম
আইসক্রিমের ধরন ও পরিমাণের ওপর নির্ভর করে এতে অতিরিক্ত চিনি ও ক্যালরি থাকতে পারে। সুদীক্ষা এটিকে চিনি ও দুগ্ধজাত উপাদানের সমন্বয় হিসেবে উল্লেখ করেছেন। আইসক্রিমের বিকল্প হিসেবে ফলের সঙ্গে গ্রিক দই, হিমায়িত কলার স্মুদি বা অল্প পরিমাণ ডার্ক চকলেট খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

৬. অ্যালকোহল
অ্যালকোহল থেকেও শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ হতে পারে। একই সঙ্গে এটি শরীরের পানিশূন্যতা এবং খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুদীক্ষার মতে, অ্যালকোহল পানিশূন্যতা, শরীরে ফোলাভাব এবং অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার প্রবণতা তৈরি করতে পারে। এর পরিবর্তে লেবু দিয়ে স্পার্কলিং পানি, ইনফিউজড পানি বা বাড়তি চিনি ছাড়া তাজা ফলের জুস খাওয়া যেতে পারে।

৭. প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত মাংসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকতে পারে। বেশি লবণ গ্রহণের ফলে শরীরে সাময়িকভাবে পানি জমে মুখ ও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। এর পরিবর্তে ডিম, গ্রিল করা মুরগি, টোফু বা পনির খাওয়ার পরামর্শ দিয়েছেন সুদীক্ষা। ব্যক্তির খাদ্যাভ্যাস অনুযায়ী এসব বিকল্প বেছে নেওয়া যেতে পারে।

তবে ওজন বা শরীরের চর্বি কমানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খাবার পুরোপুরি বাদ দেওয়াই মূল বিষয় নয় বলে উল্লেখ করেছেন সুদীক্ষা। তাঁর মতে, চর্বি কমানোর ক্ষেত্রে ক্যালরি ঘাটতি এবং নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাবারের পাশাপাশি শারীরিক পরিশ্রম বাড়ানো এবং পর্যাপ্ত ঘুমের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

পুষ্টিবিদ সুদীক্ষার এসব পরামর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ব্যবহারকারীর তৈরি কনটেন্টের ওপর ভিত্তি করে। দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এ তথ্য কোনো চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। শারীরিক বা চিকিৎসাসংক্রান্ত কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ১৫০ সেলস এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞ…
  • ৩১ আগস্ট ২০২৬
৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনালের ফল প্রকাশ, ‘নতুন রেকর্ড…
  • ৩১ আগস্ট ২০২৬
একই প্রশ্নে হবে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ
  • ৩১ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ১৭ বাসের …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলির ভোগান্তি কমাতে থাকছে হোয়াটসঅ্যাপ নম্বর, আসছে ভিডিও টি…
  • ৩১ আগস্ট ২০২৬