মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি © ফাইল ফটো
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের সরকারি ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি, আর ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত হলো
২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত আছে:
ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি; এই ছুটির মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার);
খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন (১টি শুক্রবার ও ২টি শনিবার);
গ) ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বৎসরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ;
ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষ্যে ২ দিন ঐচ্ছিক ছুটি;
ঙ) ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি, ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (৭ দিনের সাপ্তাহিক ছুটি ৩টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৯-৭=২২ দিন।