মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ PM
টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষি কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষি কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

দেশকে মানবপাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। সরকার এগুলো দমনে কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা করে। কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাই কৃষি কার্ড বিতরণের মাধ্যমে তাদের উন্নয়নে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ভিডিও জুয়া ও অনলাইন জুয়া উদ্বেগজনক হারে বিস্তার লাভ করছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতোমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে, যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করা যায়।

মানব পাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কয়েকটি অঞ্চল—বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পয়েন্ট ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো চিহ্নিত করে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হবে। সরকার মানবপাচার বন্ধে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক ও সময়োপযোগী তথ্য সরবরাহ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা জোরদার করা সম্ভব এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আবদুল মান্নান এবং পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬