নেইমার জুনিয়র © সংগৃহীত
ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরুর মাত্র ১৫ দিন আগে বড় দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রথম ক্লোজড-ডোর অনুশীলনেই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হলো নেইমার জুনিয়রকে। ডান পায়ের কাফ মাসেলে সমস্যায় অনুশীলনে অংশ নিতে পারেননি তারকা এই ফরোয়ার্ড। সবমিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে এই চোট ব্রাজিল শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য নেইমারকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে। সেখানে তার ইমেজিং টেস্টসহ আরও কিছু উন্নত মেডিকেল পরীক্ষা করা হবে।
সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। তবে ২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে গত এক বছরে অনেকটাই উপেক্ষিত ছিলেন। যদিও অভিজ্ঞতার কথা বিবেচনায় রেখে সম্প্রতি আবারও তাকে দলে ফেরানো হয়েছিল। তবে গত ১৭ মে সান্তোসের হয়ে দেপোর্তিভো কুরিতিবার বিপক্ষে ম্যাচে পাওয়া কাফের চোট শুরুতে হালকা মনে হলেও এখন সেটি গুরুতর রূপ নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ইএসপিএন’র রিপোর্ট অনুযায়ী, নেইমারের কাফের ফোলা অংশটি পুরোপুরি নিরাময় হতে প্রাথমিক ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে। অন্যদিকে, কোচ অ্যানচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, অতীতের নাম বা আবেগ দেখে নয়, শতভাগ ম্যাচ ফিটনেস থাকলেই কেবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে পারবেন নেইমার।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘জাতীয় দলের মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হবে না।’