রুয়েটে সিন্ডিকেটের অনুমোদনের ৫ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি পরীক্ষায় কোডিং সিস্টেম

১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ PM
 রুয়েট ক্যাম্পাস

রুয়েট ক্যাম্পাস © টিডিসি ফটো

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বহুল প্রতীক্ষিত ‘ইউনিক কোডিং পদ্ধতি’ চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও বাস্তবে এর কোনো প্রয়োগ দেখা মেলেনি। পরীক্ষামূলকভাবে তিনটি বিভাগে চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি; বরং মরীচিকা হিসেবেই প্রতিফলিত হয়েছে। 

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উত্থাপিত ১২ দফা দাবির অন্যতম প্রধান বিষয় ছিল উত্তরপত্রে রোল নম্বরের পরিবর্তে কোড প্রবর্তন করা। পরবর্তীতে বিভিন্ন সময়ে আন্দোলন এবং চলতি বছরের ২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (২৫ সিরিজ) তিনটি বিভাগ অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে পাইলটিং হিসেবে কোডিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্ধারিত তিন বিভাগে সফল বাস্তবায়নের পর তা পর্যায়ক্রমে সব বর্ষ ও বিভাগে সম্প্রসারণ হবে, এমনটিই বলা হয়েছিল প্রশাসন থেকে। কিন্তু বিভাগ তিনটির প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় এ পদ্ধতির কোনো প্রয়োগ ঘটেনি বলে জানা যায়। পরে সরাসরি বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র অনুযায়ী কোডিং সিস্টেমের প্রাথমিক বাস্তবায়ন না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলোর বেশ কয়েকটিতে ইতিমধ্যে কোডিং পদ্ধতি চালুর দৃশ্যমান অগ্রগতির তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরীক্ষার খাতায় কোডিং ব্যবস্থা চালু আছে।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ছয়টি বিভাগ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ৩০ সেপ্টেম্বর থেকে ইতিহাস ও ইংরেজি বিভাগ পদ্ধতির আওতায় পরীক্ষা নেয়া শুরু করেছে। এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সব পরীক্ষায় কোডিং চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায়। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয় এগিয়ে গেলেও রুয়েটের মতো একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের এমন স্থবিরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কোডিং সিস্টেমে প্রাথমিক বাস্তবায়নে না হওয়ার বিষয়ে রুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী জানান,‘কোডিং সিস্টেম বাস্তবায়নের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানকে দিয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রয়োজনীয় রিপোর্ট ইতিমধ্যে কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পাইলটিং চালুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। আনুষ্ঠানিক নির্দেশনা ও নির্ধারিত ফরম্যাট পেলে টপশিট প্রস্তুত, কোডিং-ডিকোডিং এবং ফলাফল প্রক্রিয়াকরণের প্রস্তুতি নেওয়া হবে।’

উল্লেখ্য সাম্প্রতিক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘কোডিং ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে এবং কোথাও জটিলতা থাকলে তা ডিনদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’ পাশাপাশি পরীক্ষা ও খাতা মূল্যায়নের বিষয়ে তিনি উল্লেখ করেন, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও খাতা মূল্যায়নে একাধিক শিক্ষক যুক্ত থাকেন এবং খাতা পর্যালোচনার (রিভিউ) সুযোগ থাকায় এককভাবে কোনো শিক্ষার্থীর খাতা অবমূল্যায়নের সুযোগ অনেকাংশেই নেই।

প্রশাসনের এমন বক্তব্যের বিপরীতে শিক্ষার্থীরা জানান, উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক আস্থা ও শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে কোডিং পদ্ধতির বিকল্প নেই। দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত আনুষ্ঠানিক নির্দেশনা জারি এবং সব বিভাগে কোডিং সিস্টেম কার্যকর করার সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬