নোবিপ্রবি ভিসির সঙ্গে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের রেক্টর © সংগৃহীত
শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার করতে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মধ্যে একটি একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ বিভিন্ন যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় একসঙ্গে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়।
এ উপলক্ষে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে স্বাগত জানান। এ সময় নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ সালিম হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।
সফরকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিস্তৃত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণায় উভয় প্রতিষ্ঠানের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে একত্র করে অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করার বিষয়ে একমত হয় তারা।
সমঝোতা স্মারকের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের বিনিময়, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা ও পাইলট প্রকল্প পরিচালনা, সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করা হবে।
পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও প্রকাশনায় নতুন গতি আসবে এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি একটি শক্তিশালী একাডেমিক সেতুবন্ধ গড়ে উঠবে।’