এনসিটিবি চেয়ারম্যান
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা © বাসস
২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি বলেছেন, শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষেয়ে আলোচনা শুরু হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে এনসিটিবি চেয়ারম্যান এ সব কথা বলেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। তিনি জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ হচ্ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের দিনক্ষণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
দ্রুত প্রাথমিক ও মাধ্যমিকের বই পরিমার্জনসহ ছাপা ও সরবরাহের অগ্রগতির নেপথ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান। নতুন বই ও কারিকুলামের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে; যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়।
আরও খবর: বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
তিনি বলেন, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে।
এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষের দিকে। প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শনও (পিডিআই) সম্পন্ন হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।