বগুড়ায় আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে এমপির নামে করার উদ্যোগ

২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

এবার বগুড়ার আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এমপির নামে নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোনপচা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শোনপচা কাজী রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয়’ করার আবেদন পাওয়া গেছে। 

জানা গেছে, কাজী রফিকুল ইসলাম বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের আবেদন পাওয়ার পর নির্ধারিত নীতিমালা অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর অনুচ্ছেদ ১৪.৪ এবং ১৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।  

এর আগে, গত ৯ জুন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম করণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হলে বিষয়টি সামনে আসে। এরপর থেকে শুরু হয় সমালোচনা।

এছাড়া নিজ এলাকার চারটি ইউনিয়নের নামকরণ—‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’কে ঘিরে আলোচনা শুরু হলে সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী। এর মধ্যে 'মীর সীমান্ত' ও ‘মীর দিগন্ত’ তার ছেলের নাম, আর ‘মীর স্বর্ণ’ তার ভাতিজির নাম। 

সমালোচনার মুখে নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠান।

চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) নির্বাচনি এলাকার অন্তর্গত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।

তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়। 

‘নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে’
  • ২৫ নভেম্বর ২০২৬
দুঃখ প্রকাশ মাহির
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে এমপির নামে করার উদ্…
  • ২৫ নভেম্বর ২০২৬
অগ্নিসংযোগে পুড়ে গেছে টুঙ্গিপাড়া থানা, পুলিশি সেবা ব্যাহত
  • ২৫ নভেম্বর ২০২৬
তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানম…
  • ২৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় জমিতে পড়ে ছিল মরদেহ, মাথায় অসংখ্য কোপের চিহ্ন
  • ২৫ নভেম্বর ২০২৬