অগ্নিসংযোগে পুড়ে গেছে টুঙ্গিপাড়া থানা, পুলিশি সেবা ব্যাহত

২৫ নভেম্বর ২০২৬, ০২:০০ PM
টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগে পুড়ে গেছে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম

টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগে পুড়ে গেছে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম © টিডিসি

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার দুই তলা ভবন, পুলিশের গাড়ি, মোটরসাইকেল, পোশাক, গুরুত্বপূর্ণ নথি ও প্রয়োজনীয় সরঞ্জাম। এতে থানার স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। কাগজে-কলমে ডিউটি ও টহলের দায়িত্ব বণ্টন করা হলেও অবকাঠামো, যানবাহন ও সরঞ্জাম না থাকায় সাধারণ মানুষকে স্বাভাবিক পুলিশি সেবা দিতে পারছেন না সদস্যরা।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নিতে থানায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই ব্যাহত হচ্ছে থানার স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে থানার সরকারি মোবাইল নম্বরগুলোও।

থানা সূত্রে জানা গেছে, দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। সে অনুযায়ী কাগজে-কলমে গত তিন দিন ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। এরপর মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করেন এসআই নাজমুল হোসেন।

তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। কয়েকজন পুলিশ সদস্যকে থানার আশপাশে সাধারণ পোশাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কাগজে-কলমে ডিউটি অফিসার ও টহল পুলিশের দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে তা পালন করার মতো প্রয়োজনীয় পরিবেশ ও সরঞ্জাম নেই। ভবন, আসবাব, গাড়ি ও পুলিশের পোশাক পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এমনকি সাধারণ মানুষ অভিযোগ নিয়ে থানায় আসছেন কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে থানায় দুজন পরিদর্শক, চারজন এসআই, চারজন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছেন। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সবকিছু ভস্মীভূত হয়েছে। প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। থানার কার্যক্রম স্বাভাবিক করতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেলেই থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পুলিশের পোশাক, ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, থানার প্রধান ফটক বন্ধ। পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভবনের জানালার কাচ ভাঙা। পাশেই আগুনে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেলগুলো পড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে একটি প্রিজন ভ্যান, চারটি পুলিশ ভ্যান, একটি পেট্রোল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের একটি গাড়ি, দুটি টহল গাড়ি ও ১৫টি মোটরসাইকেল। সবগুলোই পুড়ে অকেজো হয়ে গেছে।

এ ছাড়া দুই তলা থানা ভবনের তিন পরিদর্শকের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও কন্ট্রোল রুমসহ আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ভবন থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। পুরো থানা চত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের চিহ্ন।

এ অবস্থায় প্রয়োজনীয় জনবল থাকলেও অবকাঠামো, যানবাহন ও সরঞ্জামের অভাবে স্বাভাবিক পুলিশি সেবা দিতে পারছে না টুঙ্গিপাড়া থানা। কবে নাগাদ থানাটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

‘নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে’
  • ২৫ নভেম্বর ২০২৬
দুঃখ প্রকাশ মাহির
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে এমপির নামে করার উদ্…
  • ২৫ নভেম্বর ২০২৬
অগ্নিসংযোগে পুড়ে গেছে টুঙ্গিপাড়া থানা, পুলিশি সেবা ব্যাহত
  • ২৫ নভেম্বর ২০২৬
তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানম…
  • ২৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় জমিতে পড়ে ছিল মরদেহ, মাথায় অসংখ্য কোপের চিহ্ন
  • ২৫ নভেম্বর ২০২৬