মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। © সংগৃহীত
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় তাঁর প্রতি ভালোবাসা, সমর্থন ও ভোট দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা জানান মাহি।
তিনি জানান, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন উল্লেখ করে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’
দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আশা অনুযায়ী গর্বিত করতে না পারলে আমি ক্ষমাপ্রার্থী।’
মাহি আরও বলেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’
বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো।