গ্রেপ্তার চারজন © সংগৃহীত
উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য শাহীন আক্তারের ছেলে শাওন আরমান, বদির ছোট ভাই আব্দুল আমীন, আব্দুস শুক্কুর ও সাবেক পৌর কাউন্সিলর হোসেন আহমেদকে সিলেটে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ওই হোটেলে অবস্থান করছেন—এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকেই হোটেলটি ঘিরে রাখেন সিলেট যুবদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালায়।
আরও পড়ুন: স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯
অভিযান শেষে সেখান থেকে শাওন আরমান, আব্দুল আমীন, আব্দুস শুক্কুর ও হোসেন আহমেদকে আটক করে নিয়ে যায় পুলিশ।
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।