সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা © সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন তারা।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
এদিকে একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের দাবি, নতুন করে নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি তাদের প্রত্যাশার তুলনায় কম। এ দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
প্রসঙ্গত, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সে হিসাবে নতুন মজুরি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ৩টায় শুরু হওয়া সভা শেষ হয় রাত দেড়টার দিকে। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়।
পরে রাত সোয়া ২টার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে ছয় সদস্যের মধ্যে ভোটাভুটিতে চারটি ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট পড়ে ১৮ হাজার টাকার পক্ষে। ফলে ১৭ হাজার টাকাকেই ন্যূনতম মজুরি হিসেবে চূড়ান্ত করা হয়।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।