কামরুল ইসলাম। © টিডিসি সম্পাদিত
ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে নিজের লেখা একটি চিরকুটে তিনি লিখেছিলেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না।’ চিরকুটে নিজেকে ‘একজন ব্যর্থ’ উল্লেখ করে পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
কামরুল ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ছিলেন কামরুল। এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তাঁর বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। তাঁদের ধারণা, পারিবারিক বিরোধ ও সম্পর্কের জটিলতা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। চিঠিতে তিনি লেখেন, ‘কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’
চিঠিতে আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’
সন্তান, ভাই, প্রেমিক ও বন্ধুদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বলেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’
এক বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, কামরুল কীটনাশক পান করেছিলেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। বন্ধুর দাবি, তিনি অ্যালুমিনিয়াম সায়ানাইডযুক্ত কীটনাশক পান করেছিলেন।
তবে এ তথ্য হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।