চট্টগ্রামের মহসিন কলেজে শিবির-ছাত্রশক্তি উত্তেজনা— ‘শিবিরের বেনামে’ হামলার অভিযোগ

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ PM
চট্টগ্রামের মহসিন কলেজে শিবির-ছাত্রশক্তি উত্তেজনা। কলেজের ভবনের ভেতরে ছাত্রশক্তি, বাহিরে শিবিরের অবস্থান

চট্টগ্রামের মহসিন কলেজে শিবির-ছাত্রশক্তি উত্তেজনা। কলেজের ভবনের ভেতরে ছাত্রশক্তি, বাহিরে শিবিরের অবস্থান © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

ছাত্রসংগঠনটির অভিযোগ, স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে ‘বেনামে’ এসে জাতীয় ছাত্রশক্তির স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে জাতীয় ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার মুখ্য সংগঠকসহ বেশ কয়েকজন সংগঠক আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রশিবিরের মহসিন কলেজ শাখার সভাপতি ইয়াসিন পারভেজ। তিনি বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।

জানা যায়, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারাসহ কলেজ অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় গেলে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা গেলেও কোনো হামলার দৃশ্য দেখা যায়নি।

জাতীয় ছাত্রশক্তির নেতাদের অভিযোগ, কলেজের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে আলোচনা করতে কলেজে যান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার ও সদস্য সচিব আবদুর রহমান। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের সঙ্গে হেনস্তা ও হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর শাখা বলেছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার সবার রয়েছে। এ ধরনের হামলা ও হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয় ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার আহ্বায়ক নাইম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী মহসিন কলেজে আসায় আমরা তাকে নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাই। এ সময় শিবিরের সভাপতি ইয়াসিন পারভেজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রশক্তি বিবৃতি দিয়ে দুটি সুস্পষ্ট অবস্থান ও আহ্বান জানিয়েছে। দুটি সুস্পষ্ট অবস্থান ও আহ্বানের মধ্যে রয়েছে- প্রশাসনিক বিচার: হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য চট্টগ্রাম মহসিন কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি; সন্ত্রাসবিরোধী প্রতিরোধ: শিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধীতার অভিনয় করে নিজেরা গোপনে রাজনীতি করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে। এই দ্বিচারিতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে একযোগে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশক্তি বলছে, হামলা ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের পথে ফিরে আসুন। অন্যথায়, বাংলাদেশের রাজনীতিতে আপনাদের টিকে থাকা কঠিন হবে। সন্ত্রাসগিরি ত্যাগ করে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করুন।

২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষককে শোকজ
  • ২৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরু…
  • ২৪ নভেম্বর ২০২৬
রয়টার্স আসলে কী বলছে, প্রতিবেদকের পরিচয় কী— ক্ষোভ ঝাড়লেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬