সুদ নাকি মুনাফা দ্বন্দ্বে আটকা ব্যবসায় শিক্ষা © এআই জেনারেটেড
দেশের ৩৫টি আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা শাখা চালু হলেও পাঠ্যবইয়ে ‘সুদ’ নিয়ে মতবিরোধে নতুন করে শাখা চালু করার অনুমোদন দিচ্ছে না মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসার শিক্ষক নেতারা সুদ শব্দের পরিবর্তে ‘মুনাফা’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কিন্ত ‘সুদ ও মুনাফা’ বিপরীত শব্দ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে শিক্ষা মন্ত্রণালয় থেকে সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত ২০২৭ শিক্ষাবর্ষ থেকে অনুমোদন মিলছে না বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৪ সালের দিকে আলিয়া মাদ্রাসায় প্রথমবার ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর নীতিগত আলোচনা শুরু হয়। কিন্তু সে সময় শিক্ষানীতি বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা, বাজেট সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিষয়টি এগোয়নি। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার এই প্রস্তাব তোলা হলে পরিবর্তনশীল সরকারি অগ্রাধিকার এবং প্রশাসনিক সাড়া না পাওয়ায় উদ্যোগটি আবারও বন্ধ হয়ে যায়। পরে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের আগস্ট মাসে আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে একটি নোটিশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মাদ্রাসার ব্যবসায় শিক্ষা বইয়ে ‘সুদ’ শব্দ নিয়ে আপত্তি রয়েছে। তাই নতুন করে অনুমোদন দেওয়া হচ্ছে না। সমস্যাটির সমাধান হলেই আবার অনুমোদন দেওয়া হবে। বর্তমানে ৩৫টি মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালু রয়েছে। তারা ‘সুদ’ শব্দটির বিষয়ে অবগত হয়েই কার্যক্রম চালাচ্ছে। — মো. নূরুল ইসলাম, পরিদর্শক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
এদিকে চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ শিক্ষাবর্ষেই ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য শতাধিক মাদ্রাসা আবেদন করলেও ৩৫টি মাদ্রাসা অনুমোদন পায়। মাদ্রাসার নবম শ্রেণিতে চালু হওয়া ব্যবসায় শিক্ষা বিভাগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ে শিক্ষাক্রম চলছে। ২০২৭ শিক্ষাবর্ষেও একই পাঠ্যবই পড়তে হবে মাদ্রাসা শিক্ষার্থীদের। কিন্তু ব্যবসা শিক্ষা বইয়ে ‘সুদ’ শব্দ থাকায় আপত্তি জানায় মাদ্রাসার শিক্ষক নেতারা। ফলে নতুন করে অনুমোদনে দ্বিধাদ্বন্দ্ব পড়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে অনুমোদনের আবেদন অপশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তারা।
তারা বলছেন, ‘ইসলামী মূল্যবোধের সঙ্গে ‘সুদ শব্দটি সাংঘর্ষিক’ থাকায় মাদ্রাসা শিক্ষক নেতারা সুদ শব্দের পরিবর্তে মুনাফা শব্দের ব্যবহার করার পরামর্শ দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুদ ও মুনাফা শব্দ দুটো বিপরীত অর্থ বুঝায়। এমন পরিস্থিতিতে অনলাইনে মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালুর অপশনটি বন্ধ রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত দিলেই অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. নূরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসার ব্যবসায় শিক্ষা বইয়ে ‘সুদ’ শব্দ নিয়ে আপত্তি রয়েছে। তাই নতুন করে অনুমোদন দেওয়া হচ্ছে না। সমস্যাটির সমাধান হলেই আবার অনুমোদন দেওয়া হবে। বর্তমানে ৩৫টি মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালু রয়েছে। তারা ‘সুদ’ শব্দটির বিষয়ে অবগত হয়েই কার্যক্রম চালাচ্ছে।’
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে। এ ছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনটি শর্ত দেয়।
সেগুলো হলো— সংশ্লিষ্ট মাদ্রাসায় চলতি বছরে অষ্টম শ্রেণিতে ন্যূনতম ১০০ শিক্ষার্থী থাকতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত ভৌত অবকাঠামো থাকতে হবে, যাতে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অন্তত দুটি অতিরিক্ত শ্রেণিকক্ষ চালু করলেও অন্যান্য ক্লাস ব্যাহত না হয়। তৃতীয়ত, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ না আসা পর্যন্ত মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে খণ্ডকালীন ব্যবসায় শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়ার সক্ষমতা থাকতে হবে। এই তিন মাপকাঠি (ক্রাইটেরিয়া) যাদের আছে এবং যারা আগ্রহী, কেবল তারাই আবেদন করতে পারবেন বলে সেসময় জানানো হয়।
উল্লেখ্য, দেশে দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসার সংখ্যা প্রায় ৮ হাজার। দাখিল ও আলিম চালু আছে যথাক্রমে ৬ হাজার ৪৭৪ ও ১ হাজার ৫২৫টিতে। ফাজিল মাদ্রাসা ১ হাজার ৩৪৭টি। কামিল মাদ্রাসা ৩৫৯টি। আর সরকারি আলিয়া মাদ্রাসা ৩টি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)র জরিপে দেখা যায়, দেশের মোট শিক্ষার্থীর ৬ দশমিক ৬১ শতাংশ কওমি মাদ্রাসায় এবং ৫ দশমিক ৮৫ শতাংশ আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। দুই ধরনের মাদ্রাসা মিলিয়ে এ হার ১২ দশমিক ৪৬ শতাংশ।