উচ্চপর্যায়ের বৈঠক

চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আলোচনা

১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক © বাসস

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বৈশ্বিক মানদণ্ড নির্ধারণে ‘ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ডস’ বা ‘বেইজিং এগ্রিমেন্ট’-এ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। এ ছাড়া দ্বিপাক্ষিক উচ্চপর্যায়ের বৈঠকে শিক্ষাখাতে সহযোগিতার গুরুত্বপূর্ণ ৯টি ক্ষেত্রের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

এর আওতায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ শিক্ষা কার্যক্রম চালু, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং একটি নতুন কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বৈশ্বিক এই কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে সাইডলাইনে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি ও ব্যবহারিক প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে। পাশাপাশি যৌথভাবে ২+২ ও ৩+১ মডেলের কারিগরি একাডেমিক কর্মসূচি চালু, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা প্রতিষ্ঠা এবং চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের পক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এতে অংশ নেন। সম্মেলনের যৌথ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ ছাড়া বৈঠকে চীনা মানদণ্ডভিত্তিক ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং সারা দেশে চীনা ভাষা শেখার সুযোগ সম্প্রসারণসহ শিক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ ৯টি ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে।

শিক্ষাখাতে সহযোগিতার ৯টি প্রধান ক্ষেত্র হলো-
১. কারিগরি শিক্ষা, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা সনদায়ন অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘বাংলাদেশ-চীন যৌথ টিভিইটি দল’ গঠন করা হবে।

২. চীনের কারিগরি সহায়তা, আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও শিল্পখাতের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে মডেল প্রদর্শনী (ডেমনস্ট্রেশন) টিভিইটি কলেজ প্রতিষ্ঠা করা হবে।

৩. চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বাংলাদেশে বিদ্যমান কারিগরি কলেজসমূহের সার্বিক মান ও পদ্ধতিগত মূল্যায়ন করে উন্নয়ন ঘটানো হবে।

৪. চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে সরাসরি শিল্প-শিক্ষা সংযোগ জোরদার করা হবে।

৫. প্রকৌশল, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশব্যাপী সমন্বিত ‘চীনা ভাষা+কারিগরি দক্ষতা’ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হবে।

৬. পেশাগত প্রশিক্ষণ, আনুষ্ঠানিক সনদ, শিল্পকারখানায় ইন্টার্নশিপ এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষার্থী উন্নয়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হবে।

৭. বাংলাদেশি কারিগরি শিক্ষক ও শিক্ষা প্রশাসনে কর্মরতদের জন্য বার্ষিক শিক্ষক বিনিময় ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।

৮. দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষা সহযোগিতা বহুগুণ সম্প্রসারণ করা হবে।

৯. গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সামগ্রিক সহযোগিতার প্রভাব মূল্যায়নের জন্য একটি আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

আরও খবর: একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যাডার

কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬