শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে নতুন করে হিসাব বিবরণী পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এ চিঠিতে এখনো অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে অতিরিক্ত বরাদ্দ চেয়ে নতুন করে অর্থ বিভাগে চিঠিও পাঠায়নি শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার মাউশি থেকে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অর্থ অতিরিক্ত প্রয়োজন জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়। সেই চিঠির প্রেক্ষিতে গত রবিবার ফাইল অনুমোদনের জন্য তোলা হয়। তবে সেই ফাইল এখনো অনুমোদন হয়নি।
সূত্রের তথ্য বলছে, আজ বৃহস্পতিবার ফাইল অনুমোদনের সম্ভাবনা নেই। কেননা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক একটি অনুষ্ঠানে নাটোর রয়েছেন। সেখান থেকে সন্ধ্যা ৬টায় ঢাকায় ফিরবেন। ফলে আজ এ সংক্রান্ত ফাইল অনুমোদনের কোনো সম্ভাবনা নেই।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাউশির পাঠানো হিসাব বিবরণী অনুমোদনের জন্য তোলা হলেও সেই ফাইল এখনো অনুমোদন হয়নি। ফাইল অনুমোদনের পর অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।’
এদিকে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সংস্থাটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি না হলে অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন। এ সংক্রান্ত হিসাব বিবরণী মাদ্রাসা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের হিসাব বিবরণী এখনো পাঠানো হয়নি।
সূত্রের তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে বেতন-ভাতা দিতে পৃথক গেজেট জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির জবাব না এখনো দেয়নি অর্থ বিভাগ। চিঠির জবাব অর্থাৎ পৃথক গেজেট জারি না হলে শিক্ষক-কর্মচারীরা পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন না। এজন্য পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে না।
এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষকদের হিসাব এখনো পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত যে অর্থ প্রয়োজন সেটি একসাথে অর্থ বিভাগে পাঠানো হবে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলকে পে-স্কেলের আওতায় আনতে হলে পৃথক গেজেট জারি করতে হবে। তবে গেজেট জারি না হওয়ায় বিষয়টি নিশ্চিতভাবে বলার সুযোগ নেই যে তারা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন। গেজেট জারি হওয়া মাত্র অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।’