শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে পোস্ট দিয়ে দাবি করা হচ্ছে, ‘শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে, ভালো কিছুর অপেক্ষায়।’
যদিও আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি সভা হওয়ার কোনো সম্ভাবনাও নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে চলতি সপ্তাহেই বদলি আবেদনের ফলাফল ঘোষণা হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদলু খালেকের দপ্তরে গিয়ে জানা যায়, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আজ কোনো সভা আহবান করা হয়নি। ফেসবুকে ছড়ানো খবরের কোনো সত্যতা নেই।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশের বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে যে সভার কথা বলা হচ্ছে, এমন কোনো সভা আজ (মঙ্গলবার) নেই। সভা হলে মাউশির প্রতিনিধিদের নিয়ে হবে।’
আরও খবর: দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল টাইম’ তদারকি হবে
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ সময় পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি প্রার্থী এবার বদলির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাউশির একটি সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সোমবার শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন। তার সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা করা হবে। আমাদের পরিকল্পনা হলো চলতি সপ্তাহের শিক্ষকদের বদলি করা।’