এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী

১৩ এপ্রিল ২০২৬, ১০:০১ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দেওয়ার ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দেওয়ার ছবি © টিডিসি ফটো

এক মুরগি তিনবার জবাই করা যাবে না— শিক্ষাক্ষেত্রে বারবার ভর্তি বা রেজিস্ট্রেশনের ভোগান্তি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী,আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় শিক্ষার্থীদের নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার মানোন্নয়নে আমি কাজ করতে চাই।” নিজেকে নিয়ে হওয়া সামাজিক মাধ্যমের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে নিয়ে অনেকেই ট্রল করছেন, আমি তা এনজয় করছি। আমি চাই সংসদ সদস্য ও বিরোধী দল আমাকে শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন করুক, জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুক।”

পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, “করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও ডিজিটাল ভেরিয়েন্ট তৈরি হয়েছে। যদি কোনো শিক্ষার্থী নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়— বরং শিক্ষকদের দুর্বলতা। বাচ্চারা কেন নকল করতে চাইছে, সেই কারণ খুঁজে বের করে আমাদের সমাধানে যেতে হবে।”

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। বিগত সময়ের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে নিষ্ঠা ও মমতায় গড়ে তুলতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মতিউর রহমান (ঝিনাইদহ-৩), গাজি এনামুল হক (যশোর-৫), মোক্তার আলি (যশোর-৬), আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২), আব্দুল আলিম (বাগেরহাট-৪) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)। এছাড়াও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক। বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬