অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি © টিডিসি ফটো
গার্মেন্টস শিল্প খাতে মজুরি বোর্ড পুনর্গঠন ও মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-ফপ)।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জি-ফপের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, আমরা গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছি। বিশেষ করে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষার সুব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান এবং শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি ও হাসপাতাল নির্মাণের বিষয়টি অন্যতম।
তিনি বলেন, আমাদের এসব দাবির মুখে শ্রম আইনে সংশোধন এনে যেখানে আগে ৫ বছর পরপর মজুরি বোর্ড গঠনের যে নিয়ম ছিল, তা কমিয়ে বর্তমান সরকার ৩ বছর পরপর করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এ মাসের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তও গ্রহণের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
তবে নতুন মজুরি বোর্ড গঠনকে কেন্দ্র করে একটি ফ্যাসিস্টের মদদপুষ্ট মহল দেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ভারতে পলাতক ফ্যাসিবাদের সহযোগীরা এবং জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠন সমর্থিত বেশ কিছু নিবন্ধনকৃত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যারা আগে আওয়ামীলীগের মদদপুষ্ট হয়ে চলতাে তারা নাম পাল্টে প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানিতে কারখানা বন্ধ রাখা ও অন্যান্য কারখানায় হামলা-ভাঙচুর চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা শামীম।
সম্প্রতি উত্তরার ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১২ অক্টোবর উত্তরার রাস্তায় শ্রমিকদের নামে একদল বহিরাগত লাঠিসোটা নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় এবং রাস্তা অবরোধ করে। তারা কারখানায় ঢুকে কাজ বন্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটায়। এটি মূলত পোশাক খাত ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু), বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো. আনিসুর রহমান, জি-ফপের সদস্য আমির হামজা ও মোহাম্মদ শাকিল খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।