হিন্দুস্থান টাইমস

বাংলাদেশে যত বেশি সহিংসতা, তত লাভ ভারতের

২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ AM
 বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ © সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও শ্রমিক বিক্ষোভের সুযোগে আন্তর্জাতিক পোশাক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ভারত। শ্রমিক বিক্ষোভ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাকশিল্পের ওপর আস্থা হারাচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। ফলে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাকের বরাত সরিয়ে অন্য দেশে দিচ্ছে। এসব বরাতের বড় অংশই যাচ্ছে প্রতিবেশী ভারতে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের বরাত অন্য দেশে চলে গেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ২০০ কোটি রুপি। বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এটি বড় অর্থনৈতিক ধাক্কা হলেও ভারতের শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে মাসিক পোশাক কেনার প্রায় ১০ শতাংশ বরাত অন্য এশীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রধান কারণ দেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ। মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় চার সপ্তাহ ধরে চলা আন্দোলনের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সময়মতো পোশাক সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে শুরু করেছেন।

তিনজন বাংলাদেশি পোশাক কারখানার মালিকের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সরিয়ে নেওয়া বরাতের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও কিছু বরাত যাচ্ছে।

আন্তর্জাতিক পোশাক বাজারে প্রতিযোগিতায় শুধু কম দামে পণ্য তৈরি করাই যথেষ্ট নয়, নির্ধারিত সময়ে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করাও গুরুত্বপূর্ণ। এত দিন কম উৎপাদন খরচ বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম শক্তি ছিল। কিন্তু মজুরি, বিদ্যুৎ, জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় সেই সুবিধা ক্রমেই কমছে। এর সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা ও শ্রমিক আন্দোলন আন্তর্জাতিক ক্রেতাদের আরও সতর্ক করে তুলেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য অনুযায়ী, ভারতীয় কারখানাগুলো বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পোশাক সরবরাহ করতে পারে। ফলে দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাওয়া আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে ভারত ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্প এখন সংকটের মুখে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। বিজিএমইএর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি।

অর্থাৎ, একদিকে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিদেশি ক্রেতাদের পোশাকের বরাতও হারাচ্ছে বাংলাদেশ। এতে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই চাপ তৈরি হচ্ছে।

সমস্যা আরও বেড়েছে নতুন মজুরি নির্ধারণকে কেন্দ্র করে। শ্রমিকদের দাবির মুখে ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলন পুরোপুরি থামেনি। নতুন মজুরি নির্ধারণের পরও বিভিন্ন কারখানায় বিক্ষোভ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকার আশপাশের বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। সময়মতো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে এখন অতিরিক্ত কাজ করানো এবং বেশি খরচে আকাশপথে পোশাক পাঠানোর কথা ভাবছেন কারখানার মালিকেরা। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তি ব্যয়ের চাপও সামলাতে হচ্ছে বাংলাদেশের পোশাকশিল্পকে।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস 

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূ…
  • ২৮ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরার স্বীকৃতি পেলেন সামিরা খান ম…
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর …
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬