শিক্ষা ভবন © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংশোধন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধীত হতে যাওয়া নীতিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয় শব্দ যুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের এমপিও নীতিমালায় শিক্ষক নিয়োগ বা এমপিওভুক্তির ক্ষেত্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অধিভুক্ত কলেজ’ শব্দ লেখা থাকত। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের নিয়োগ বা এমপিওভুক্তিতে কিছুটা বেগ পেতে হত। এই সমস্যা দূর করতে সংশোধীত নীতিমালায় জাতীয় বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয় লেখা থাকবে বলে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের এমপিওভুক্তি, ‘চাকরিপ্রার্থী এবং নিয়োগ পাওয়া শিক্ষকদের ভোগান্তি কমাতে সংশোধীত হতে যাওয়া নীতিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয় শব্দ যোগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানোর পর তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও পেতে থাকতে হবে কারিগরির দুই বিষয় ও তৃতীয় ভাষা
সংশোধন হতে যাওয়া নীতিমালায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে ২০২৫ সালের নীতিমালাকেই ভিত্তি ধরা হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন করে দুটি শর্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের তথ্য বলছে, নতুন স্কুল অথবা কলেজ এমপিওভুক্তির ক্ষেত্রে কারিগরি বিষয়ক ন্যূনতম দুটি সাবজেক্ট প্রতিষ্ঠানটিতে থাকতে হবে। এ ছাড়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কার্যক্রম থাকতে হবে। নতুন করে আরোপিত এই শর্তগুলো না মানলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নীতিমালা সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। কিছু বিষয়ে সংশোধনী আসবে। তবে বিষয়গুলো চূড়ান্ত হবে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায়। শিগগিরই সংশোধীত খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন থাকতে হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় ও উপযুক্ত নিজস্ব জমি থাকা, ক্লাসের স্তরভেদে নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত ও নিয়মিত শিক্ষার্থী থাকা, বোর্ড পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ এবং সন্তোষজনক পাসের হার থাকা, শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী এবং এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হওয়া এবং প্রতিষ্ঠানভেদে সরকার নির্ধারিত নির্দিষ্ট পদসংখ্যা ও জনবল কাঠামো বজায় রাখতে হয়। এ ছাড়া আরও কিছু শর্ত পালন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে।