ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবারের মত আন্দোলন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে ইতিবাচক-নেতিবাচক মন্তব্যের মধ্যে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওইদিন নির্বাচন হলে বিষয়টি অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি।
রাব্বানী লিখেন, ‘‘হিন্দুধর্মের পবিত্র সরস্বতী পূজার দিনেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। বিদ্যার দেবী সরস্বতীর পূজোর অনুষ্ঠান মূলত ঢাকার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত হয়, আর নির্বাচনের ভোট গ্রহণও সেসকল স্থানেই হবার কথা। বিষয়টি বেশ সাংঘর্ষিক। এটি আমাদের চিরায়ত অসাম্প্রদায়িক চেতনাকেও প্রশ্নবিদ্ধ করবে। স্বভাবতই ভোটার উপস্থিতির উপরও এর বড় প্রভাব পরবে। উদ্ভুত পরিস্থিতিতে সিদ্ধান্তটি পুনঃবিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি সবিনয় অনুরোধ রইলো।’’