ঢাবির ভিসিসহ শীর্ষ ৪ কর্মকর্তার তিনজনই বিদেশ সফরে

২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ PM
অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (বা থেকে ডানে)

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (বা থেকে ডানে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ প্রশাসনের শীর্ষ চার কর্মকর্তার তিনজনই বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ১৬ দিন ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই রয়েছেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তিনি ১৪ দিনের বিদেশ সফরে জাপান-কোরিয়া সফরে রয়েছেন। 

তবে সবচেয়ে কম ছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) মোট চারদিনের ছুটিতে চীনে অবস্থান করছেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ছুটির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ফলে ক্যাম্পাসে শুধু প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামই বর্তমানে অবস্থান করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ক্যাম্পাসে নিজ কর্মস্থলে একসঙ্গে প্রশাসনের শীর্ষ চার কর্মকর্তার তিনজনই অনুপস্থিতির এমন ঘটনা বিরল। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর আমন্ত্রণক্রমে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Instructor-Level Invitational Training Program in the Republic of Korea শীর্ষক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া গমন ও অবস্থানের জন্য ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১৬ দিন কর্তব্যরত ছুটি মঞ্জুরসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হয়েছে।

তবে এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকার কোনো আর্থিক খরচ বহন করবে না। ছুটিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী কোষাধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করবেন।

ভিসির ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপানের কাগাও ইউনিভার্সিটি ও এহিমে ইউনিভার্সিটি কর্তৃক অনুষ্ঠিতব্য শিক্ষা বিনিময় চুক্তিতে ও কোরিয়াতে অনুষ্ঠিতব্য Mangement Level Training Program-এ অংশগ্রহণের জন্য (ভ্রমণের সময় ব্যতীত) ১৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ১৪ দিন কর্তব্যরত ছুটি মঞ্জুর এবং জাপান ও কোরিয়া গমন ও অবস্থানের জন্য সরকার সম্মতি জ্ঞাপন করেছেন।

ভিসির এই ছুটিকালীন সময়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রো-ভিসির (প্রশাসন) ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনে অনুষ্ঠেয় সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৪ দিন কর্তব্যরত ছুটি মঞ্জুরসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকার কোনো আর্থিক খরচ বহন করবে না।

এই ছুটিকালীন সময়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রো-ভিসির (প্রশাসন) রুটিন দায়িত্ব পালন করবেন।

কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ২৭ অক্টোবর ২০২৬
পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
  • ২৭ অক্টোবর ২০২৬
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে জাবিতে অ্যাকাডে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সোনালি আঁশের সঙ্গে ‘রুপালি কাঠি’,—পাটকাঠিতে হাসি ফরিদপুরের …
  • ২৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ফুডস, আবেদন ২০ নভেম্বর পর্…
  • ২৭ অক্টোবর ২০২৬