অপরাজেয় বাংলায় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’ এর মশাল গ্রহণ করেন ঢাবি উপাচার্য © সংগৃহীত
‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’ এর মশাল এখন ঢাকা বিশ্ববিদ্যালযয়ে। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে মশালটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ২৯ মার্চ থেকে শুরু হয়েছে মাসব্যাপী এই প্রতিযোগিতা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল- এই ১০টি ডিসিপ্লিনে দেশের ৭০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ই এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক জমকালো সমাপনী অনুষ্ঠানে বিজয়ী বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন বলে আয়োজকদের প্রত্যাশা।
মাসব্যাপী এই প্রতিযোগিতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে ক্রীড়া পরিষদের ডিসিপ্লিন সংশ্লিষ্ট মাঠে।
প্রতিযোগিতার প্রতিটি ডিসিপ্লিনে সেরা তিনজনকে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের পদক প্রদান করা হবে। এবং সর্বাধিক স্বর্ণ পদক পাওয়া প্রতিযোগীকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে ‘বেস্ট ইউনিভার্সিটি অ্যাথলেট-পুরুষ’ এবং বেস্ট ইউনিভার্সিটি অ্যাথলেট-নারী’ ট্রফিতে ভূষিত করা হবে। এভাবেই সবচেয়ে বেশি স্বর্ণ পদক পাওয়া বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ এর ট্রফি। বিজয়ী বিশ্ববিদ্যালয় আগামী এক বছর এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারবে।