ফেনীর দাগনভুঞা থানা © ফাইল ছবি
ফেনীর দাগনভুঞার দেউলিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার হেফজ বিভাগের শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে যায়। শনিবার রাত ৩টার দিকে সে টহলে থাকা পুলিশের গাড়ির সামনে পড়লে উদ্ধার করা হয় তাকে।
এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলামকে রোববার রাতে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীর বাবা জানান, চলতি বছরের শুরুতে ওই শিক্ষার্থীকে হেফজ বিভাগে ভর্তি করা হয়। কিন্তু মাদ্রাসায় তাকেসহ অন্য শিক্ষার্থীদের নির্যাতন করা হতো। শুক্রবার সে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে নির্যাতনের বিষয়টি বাবাকে জানায়।
আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯ নম্বরে ফোন বাবার
মাদ্রাসায় আর পড়বে না জানালেও তার বাবা বুঝিয়ে শনিবার তাকে মাদ্রাসায় রেখে আসে। একপর্যায় অধ্যক্ষ বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে লোহার শিকল দিয়ে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে। পরে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। রাত ৩টায় ওই শিক্ষার্থী বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ছাত্রকে নির্যাতনের ঘটনায় অধ্যক্ষ ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।