শিহাব হোসেন © সংগৃহীত
মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিহাব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারগাচাল মসজিদ মোড়) এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শবে বরাতের রাতে নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন শিহাব হোসেন। এ সময় একটি কিশোর গ্যাং চক্র চারটি মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন শিহাব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শিহাব হোসেন উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
আরও পড়ুন: শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীদের নাম সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।