নিখোঁজ হওয়ার একদিন পর নেত্রকোনায় বাড়ির সামনের পুকুরে মিলল আফসানা মিতু (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ।
স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে। লাশটি আফসানা মিতু নামে এক কলেজছাত্রীর। সে ওই গ্রামের শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে। মিতু নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথমবর্ষের ছাত্রী।
এদিকে এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আফসানা মিতু গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে শাক ও মাছ ধুতে যায়। এরপর সে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। কিন্তু কোথাও সন্ধান পায়নি। পরদিন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঊধ্বর্তনদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।