জন্মদিনে এক ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে উল্লাস করছেন বন্ধুরা © সংগৃহীত
গাছের সঙ্গে বেঁধে ব্যতিক্রমী কায়দায় দশম শ্রেণির এক ছাত্রের ১৭তম জন্মদিন পালন করেছেন তার সহপাঠীরা। সহপাঠী ৬ বন্ধু প্রকাশ্যে আরাফাত হোসেন নামে ওই বন্ধুর শরীরে কাদামাটি, আটা-ময়দা ও রং মাখিয়ে উল্লাস করে। রবিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জন্মদিনের এই উৎসবকে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেছেন, সন্ত্রাসী কায়দায় এমন উৎসব করা ঠিক নয়। আবার কেউ বলেছেন, কিছু সময় আনন্দ পাওয়ার জন্য হয়তো তারা জন্মদিনের এমন উৎসব করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত রোববার তার জন্মদিনের কথা ৬ বন্ধু হৃদয়, শাকিল, ইরান, সোহান, মাহিন ও সিহাবকে জানায়। আনন্দ করতে তারা আরাফাতের জন্মদিন ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নেয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া আরাফাতের ৬ বন্ধু বলেন, তারা মূলত বন্ধুর ১৭তম জন্মদিন স্মরণীয় করে রাখার জন্যই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন। কোনো বাজে উদ্দেশ্য নিয়ে তারা এমনটি করেননি।
ফারহানা ফ্লোরা নামে এক অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখনই থামাতে হবে। মাজেদুর রহমান ও মেহেদি হাসান নামে দুজন সচেতন ব্যক্তি বলেন, এমন কর্মকাণ্ড প্রমাণ করে সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব।