ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ PM

© প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। এতে গুরুতর আহত হন তিনি। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত কলেজছাত্রীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সুজানগর গ্রামের দুই যুবক তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ওই কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে জড়িতদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা পৌরশহর। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে রাস্তা অবরোধ করেন।

জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপাররা। এ সময় দিরাই পৌর এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রী সম্ভ্রম বাঁচাতে দিশেহারা হয়ে গাড়ি থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

মেয়েটির চাচা বলেন, আমার ভাতিজি দিরাই সরকারি কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত। সিলেটের লামাকাজি এলাকায় তার বোনের বাড়িতে গিয়েছিল। তার বোনজামাই অজিত দাস তাকে (সিলেট-জ-১১-০৭২৩) সিরিয়ালের লোকাল বাসে তুলে দেয় দিরাইয়ে ফেরার জন্য। সে একাই ফিরছিল।

পথিমধ্যে গাড়ির যাত্রীরা একে একে নেমে গেলে গাড়িটি একপর্যায়ে ফাঁকা হয়ে যায়। লোকাল বাস হলেও নতুন যাত্রী উঠানো থেকে বিরত থাকে গাড়ির স্টাফরা। চালক হেলপার মিলে আমার ভাতিজিকে ধর্ষণের চেষ্টা চালায়। উপায়ন্তর না পেয়ে সে সুজানগর এলাকায় গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়।

দিরাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ দাস বলেন, মেয়েটির মাথায় ও হাতে জখম ছিল। তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, দিরাই বাসস্ট্যান্ডে গাড়ি রেখে চালক হেলপার পালিয়ে গেছে। গাড়িটি আটক করা হয়েছে।

মবের ভয়ে আত্মগোপনে—ভিডিও বার্তায় অভিনেতা যাহের আলভী
  • ০২ মার্চ ২০২৬
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়…
  • ০২ মার্চ ২০২৬
ছাত্রদলের ইফতার মাহফিলে গিয়ে ইফতারি পাননি অনেক ছাত্রী, দুঃখ…
  • ০২ মার্চ ২০২৬
পারমাণবিক ‘ওয়ারহেড’ বাড়ানোর ঘোষণা দিল ফ্রান্স
  • ০২ মার্চ ২০২৬
‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মেধার সঙ্গে যোগ্যতা দেখা হতো …
  • ০২ মার্চ ২০২৬
আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাহিদের
  • ০২ মার্চ ২০২৬