© সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মরিষটেক গ্রাম থেকে নিখোঁজের দশ দিন পর জিসান মিয়া (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে একটি বাসার রান্নাঘরে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
জানা গেছে, নিহত ওই শিশুর নাম জিসান (৭)। সে ওই এলাকার ইলিয়াস শেখের ছেলে। গত ১ ডিসেম্বর দুপুরে নিখোঁজ হয় জিসান। এ ঘটনায় পরদিন সোনারগাঁ থানায় নিহতের বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নয় দিন পর বিআর স্পিনিং মিলের পাশের একটি বাড়ির রান্নাঘর থেকে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে ফিরে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, বিআর স্পিনিং মিলের পাশে একটি ঘরে থাকতেন ওই কারখানার বাবুর্চি রাশেদা বেগম। তার স্বামীর নাম আব্দুল মোত্তালিব। রাশেদা বেগম তার ঘর থেকে দুর্গন্ধ আসছে বলে কারখানা কর্তৃপক্ষকে জানায়। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ পাওয়ার পর থেকে রাশেদা বেগমকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ জানান, বাড়ির পাশের শিল্প প্রতিষ্ঠান বিআর স্পিনিংয়ে তিনি মালি হিসেবে কাজ করেন। এই কারখানার পাশেই তার বাসা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না তিনি। তবে তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাদী ও যার বাসার রান্নাঘরে লাশ পাওয়া গেছে উভয়ই একই কারখানার কর্মচারী। তবে তাদের মধ্যে বিরোধ ছিল এমন কোনো খবর পাওয়া যায়নি। শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় জিডিও হয়েছিল। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। ওই নারীকে খুজে বের করার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।