হামলায় গুরুতর আহত আতিকুল ইসলাম সুমন © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের সাবেক এক নেতার হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আতিকুল ইসলাম সুমন নামে সাবেক ওই নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সহ-সভাপতি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ইসলামপুর বাজারে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় সুমনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার চেষ্টা করে দুর্বৃত্তরা।
জানা গেছে, হামলার সময় তার হাতের কবজিতে উপর্যুপরি আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আহত সুমনের দাবি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের নেতৃত্বে রাজিব, নাসিমসহ কয়েকজন এ হামলা চালিয়েছে।
গোমস্তাপুর থানা পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।