রাজধানীতে বাসে আগুন © ফাইল ফটো
রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর পর আবার রাতে আজমপুরে আগুন দেওয়ার ঘটনা নিয়ে ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।
এর আগেই ঢাকার উত্তরা-বাড্ডা এলাকায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ভাসানী ভবন হয়ে আবার সেখানে ফেরেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।