সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবরের (বরখাস্ত) পক্ষে মঙ্গলবার দুপুরে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম জানান, সমিতির কোনো সদস্যই আকবরের পক্ষে দাঁড়াতে চাননি।
এসআই আকবরকে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আবুল কাশেম সাত দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম বলেন, ‘দীর্ঘদিন পরে জঘন্য অপরাধকারী এসআই আকবর গ্রেপ্তার হওয়ায় আমরা আনন্দিত। আমরা আশাবাদী পিবিআইয়ের মাধ্যমে সঠিক তদন্ত হবে এবং তার স্বীকারোক্তির মাধ্যমে এ ঘটনার নেপথ্যে কারা ছিলেন তা প্রকাশ পাবে।’
সেলিম বলেন, ‘সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেই তার জবানবন্দি প্রকাশ হয়েছে। সে নিজেই বলেছে সে একা হত্যায় জড়িত নয়। একই সাথে তাকে পালিয়ে যেতে বলা হয়েছিল বলেও দাবি করেছে সে।’
গত সোমবার দুপুরে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকা থেকে পুলিশ আকবরকে গ্রেফতার করে। রাতে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত চার পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। এর আগে গত ১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান।