© সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে ‘গরু চোর’ আখ্যা দিয়ে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পেটানোর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন চকরিয়ার এসিল্যান্ড ও হারবাং ইউনিয়নের একজন ট্যাগ অফিসার।
এর আগে শুক্রবার দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর এটি শনিবার দিবাগত রাত ১১টার দিকে জানাজানি হয়। মা ও মেয়ে চকরিয়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শুক্রবার স্থানীয়রা ফাঁড়ি পুলিশকে খবরটি দেন। এর পর মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
তিনি আরো জানান, স্থানীয় এক ব্যক্তির গরু চুরির ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তিরহাটে। অপরজনের বাড়ি পেকুয়ার লালব্রিজ এলাকায়।
কারা পিটিয়েছে এমন প্রশ্নে ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ‘মা-মেয়েকে পেটানোর বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসাটাই প্রাধান্য দিয়েছি। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে মা-মেয়ের। ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।’