বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাদিয়া ফারজানা শনিবার বলেন, “তাকে আদালতে পাঠানো হয়েছে। তিন দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল নিম্নমানের মাস্ক সরবরাহ করেছে অভিযোগ করে শাহবাগ থানায় মামলা করেন বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।
ওই মামলায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শারমিন জাহানকে। পরে রাতেই তাকে শাহবাগ থানা থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “শারমিনের বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। মামলার নথিপত্র রাতেই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন জাহান শুক্রবার বলেছিলেন, “আমরা নকল মাস্ক সরবরাহ করিনি। এসব প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্টেড। এগুলোতো আমরা তৈরি করিনি। আমরা শুধু সাপ্লাই দিচ্ছি। প্রডাক্ট খারাপ হলে বিএসএমএমইউ প্রথমবারই আমাদের বলতে পারত। আমরা সেটা যাচাই করে দেখতে পারতাম।”