চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই কোরআনে হাফেজ হত্যা মামলার এক আসামী নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামের মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আনচার ওরফে কালু (৪০) ইলশা গ্রামের দলিলুর রহমানের পুত্র। তিনি মাদ্রাসাছাত্র হত্যা মামলার প্রধান আসামি মদিনা ব্রিক ফিল্ডের মালিক নুরুল আবছারের ছোট ভাই এবং মামলার ৩ নম্বর আসামি।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, নুরুল আনসার কানুর নামে বাঁশখালী থানায় হত্যাসহ ১০-১২ টি মামলা রয়েছে।
তিনি বলেন, দুই হাফেজ হত্যার কয়েকজন আসামি মদিনা ব্রিকফিল্ড এলাকায় অবস্থান করছিলেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য. বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে দুই ব্রিক ফিল্ডের মালিকদের দীর্ঘদিনের বিরোধে গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১০টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় দুই মাদ্রাসাছাত্র মাওলানা মো. খালেদ বিন ওয়ালিদ (২৩) ও মাওলানা হাফেজ ইব্রাহিম (২২)। দুজন পটিয়া উপজেলার আল জামিয়াতুল আল ইসলামিয়া মাদরাসার ছাত্র ছিল। করোনা দুর্যোগের কারণে নিজ বাড়িতে এসেছিল।
ওই হত্যার ঘটনায় এমবিএম ব্রিক ফিল্ডের মালিক জয়নাল আবেদীন ঝুন্টু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ২৪ জন এজাহারনামীয় মামলার প্রধান আসামি করা হয়েছে মদিনা ব্রিক ফিল্ডের মালিক নুরুল আবছারকে। ওই মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মৃত আহম্মদ মিয়ার পুত্র মো. আজিজ আহাম্মদ (৬০) এবং মৃত ফারুক আহাম্মদের পুত্র মো রাসেল উদ্দিন (২০)।