© সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিনয় রায়ের পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে গত ১৯ জানুয়ারি অভিভাবক সদস্য নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। এতে সভাপতি প্রার্থী ছিলেন, ডহরনগর এলাকার মো. বাবলু শেখ ও তারই চাচাত ভাই এরশাদ শেখ। অভিভাবক সদস্যর মাধ্যমের এদের দুজনের কাউকেই তারা পছন্দ না করায় গত ২৬ জানুয়ারি রোববার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দকে সভাপতি নির্বাচিত করেন। এতে করে সভাপতি প্রার্থী বাবলু শেখ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক বিনয় রায় ও তার বড় ভাই রবীন রায়ের ওপর হামলা করে। এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এছাড়াও বাবলু শেখের এজেন্টরা বিনয় রায়ের স্ত্রীসহ বাড়ির মহিলাদের ওপররও চড়াও হয়। শরীরে আঘাত করে। প্রধান শিক্ষকের বড় ভাই রবীন রায়কে যেখানে পাবে সেখানে মারবে বলে হুমকি দেয়। এরপর থেকে রবীন রায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দ বলেন, ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়টি যদিও বোয়ালমারী উপজেলার ভেতরে কিন্তু প্রধান শিক্ষকের বাড়ি সালথা উপজেলার ভেতরে এ ক্ষেত্রে তার কিছু করার থাকে না। তবুও তিনি বিষয়টি সালথা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছেন। তিনি হয়ত যথাযথ ব্যবস্থা গ্রহণ নেবেন।