যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার প্রেমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ভোর ৪টার দিকে পিকআপে করে কয়েকজন চোর সদরের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যান। সেখানে তারা খোরশেদ আলীর গোয়াল থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেলে চিৎকার শুরু করেন
এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া দেন এবং মসজিদের মাইকে ঘোষণা দেন। চোররা পালিয়ে যাওয়ার সময় প্রায় দেড় কিলোমিটার দূরে প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়া রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলেন। এ সময় তিনজনকে গণপিটুনি দেওয়া হয়।
পিটুনিতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। অপর তিনজন পালিয়ে গেছেন। গরু তিনটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।