মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৩ জনকে আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয় তাদেরকে। বিকাল ৪টায় এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
গত সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় শাহবাগ থানায়। পুলিশ বাদী হয়ে মামলাাটি করে। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।
এর আগে এই মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত নামে তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ।
মামলায় অন্য আসামিরা হলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এএসএম সনেট, বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম, মাহবুব হাসান নিলয়। এছাড়া ৩০/৩৫ জনের অজ্ঞাত নামে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়।