© সংগৃহীত
দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার গ্রেপ্তারের পর দেব প্রসাদ সাহা নামের ওই পুলিশ সদস্যকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
বিচারক সাইফুদ্দিন হুসাইন ১৯ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। দেব প্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলার সুরেন্দ্রনাথ সাহার ছেলে। গ্রেপ্তার ও রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
জানা গেছে, দেব প্রসাদ সাহা রাজধানীর উত্তরা এক নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৫৯৮০৫১১৯৮, কনস্টেবল নম্বর ৭০৩।
আদালত সূত্র জানিয়েছে, কর্মরত থাকা অবস্থায় ভারতের অনেকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। যে কারণে যখন তখন নোম্যানস ল্যান্ড অতিক্রম ভারতে যাওয়া-আসা করতেন। দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর অফিস সহকারী আবু হানজালা রানা ও সৈনিক শাহনেওয়াজ শাহিনের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে তার।
তারা দু’জন বেনাপোলে মাঝেমধ্যে গিয়ে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দু’জনের কাছে দেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। ২০১৮ সালে দেব প্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেনড্রাইভ নোম্যানস ল্যান্ড পার হয়ে ভারতে পাচার করেন।
১৫ দিন পর আবু হানজালা রানার কাছ থেকে এনে আবারো গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেনড্রাইভ ভারতের এস চক্রবর্তী ও পিন্টুর কাছে হস্তান্তর করেন তিনি। গত ২৫ অক্টোবর রাজধানীর কমলাপুরের একটি হোটেল থেকে সৈনিক শাহানেওয়াজ শাহিন আটক হন ডিজিএফআই ও র্যাবের হাতে। এ সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পেনড্রাইভ উদ্ধার হয়। তিনি ভারতে পাচারের বেশ কিছু তথ্য দেন।
পরে বিষয়টি পুলিশ হেড কোয়ার্টার্স অনুসন্ধানে নামে। তদন্তে তাদের মোবাইল ফোনের কললিস্ট ও ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে কথোপকথনের ভিডিও সিডির মাধ্যমে তথ্য পাচারের বিষয়টি উঠে আসে।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান গণমাধ্যমকে জানান, ‘সেনা সদস্য শাহনেওয়াজ ও অফিস সহকারী আবু হানজালার নিকট থেকে তথ্য সংগ্রহ করে ভারতে পাচারের বিষয়টি দেব প্রসাদ স্বীকার করেছে। এতে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রতীয়মান হয়েছে। সে কারণে দেব প্রসাদ সাহাকে মামলা দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’